চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা, তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। নগরবাসীর দুর্ভোগ লাঘবে এসব সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিশেষ কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা, তীব্র গ্যাসসংকট, বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নগরবাসীর দুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও টেকসই পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে নগরীর খাল-নালা দখল ও ভরাটমুক্ত করার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি নগর জামায়াতের নেতাকর্মীদের জনসম্পৃক্ততা আরও বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, জনগণের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদার, চলমান কর্মসূচির বাস্তবায়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী সবুজ, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, ডবলমুরিং থানা আমীর ফারুকে আযমসহ নগর কর্মপরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।