চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার, উদ্ধার প্রায় ১০ ভরি স্বর্ণালংকার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশ চুরির একটি ঘটনার রহস্য উদ্ঘাটন করে দুইজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২০ জুলাই বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের মধ্যে আকবরশাহ থানার বিশ্ব কলোনির কে-ব্লকে উর্মিলা আক্তার (উর্মি)-এর বাসায় চুরির ঘটনা ঘটে। এ সময় তিনটি নেকলেস, তিনটি চেইন, একটি ব্রেসলেট, দুটি চুড়ি, ছয় জোড়া কানের দুল, আটটি আংটিসহ প্রায় ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪ হাজার টাকা চুরি হয়। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ২৪ জুলাই আকবরশাহ থানায় পেনাল কোডের ৪৫৪/৩৮০/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার পর সিএমপির পুলিশ কমিশনারের নির্দেশনায় আকবরশাহ থানা পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ জুলাই পাহাড়তলী থানার নেছারিয়া মাদ্রাসা গলি এলাকায় অভিযান চালিয়ে মাহে আলম ওরফে শাহ আলম ওরফে বেলাল (৩০) এবং মো. মনির হোসেন (২৮)-কে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুইজন চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি নেকলেস, তিনটি চেইন, দুটি চুড়ি, তিন জোড়া কানের দুল এবং দুটি আংটিসহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া স্বর্ণালংকার আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, গ্রেপ্তার মাহে আলমের বিরুদ্ধে চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।