আনোয়ারায় ডেইরি ফার্মে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

মাইক্রোবাসসহ ডাকাতির বিভিন্ন আলামত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারায় একটি ডেইরি ফার্মে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আনোয়ারা থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি ছোরা, তালা কাটার সরঞ্জাম এবং একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৯ জুন দিবাগত রাতে আনোয়ারা উপজেলার বারশত গ্রামের ‘দীপক ডেইরি ফার্ম’-এ ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। তারা খামারের মালিক ও কর্মচারীদের জিম্মি করে নগদ এক লাখ টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার এবং পাঁচটি গরুসহ প্রায় ১৩ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।

ঘটনার পর চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আনোয়ারা থানা পুলিশের সমন্বয়ে একাধিক বিশেষ টিম গঠন করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করা হয়।

এর ধারাবাহিকতায় গত ১৪ জুলাই আনোয়ারা থানাধীন লাবিবা ক্লাবের বিপরীত পাশ থেকে ডাকাত দলের সদস্য ইয়াছিন আরাফাত (২৬) ও আল মামুন তুষার লিটন (৩১)-কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত গরুর ক্রেতা মো. মানিক ওরফে হেকসাই মানিক (৪৫)-কে কক্সবাজারের চকরিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ইয়াছিন আরাফাত ও আল মামুন তুষার লিটন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে ৯টি এবং আল মামুন তুষার লিটনের বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আনোয়ারা থানার যৌথ অভিযান অব্যাহত রয়েছে।