গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৯ জেলেসহ ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার নৌকাসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৫ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৮ জুলাই এফবি মা-২ নামে একটি ফিশিং বোট ১৯ জন জেলেকে নিয়ে হাতিয়া থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। ১৩ জুলাই নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি সাগরে ভাসতে থাকে। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় জেলেরা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

দুই দিন পর বুধবার সকাল ১০টার দিকে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে নৌকাটির একজন জেলে কোস্ট গার্ডকে বিষয়টি জানান। খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ড স্টেশন ভাসানচর এবং অপারেশন ‘সুরক্ষা’-এ নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

অভিযানে চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উপকূলীয় ও সমুদ্র এলাকায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল ও জরুরি উদ্ধার অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।