বিশেষ অভিযানে শীর্ষ ছিনতাইকারী ‘চাকমা রুবেল’সহ ৪ জন গ্রেপ্তার

৩৪ মামলার আসামির কাছ থেকে ধারালো অস্ত্র ও দুটি ধামা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৪ মামলার আসামি এবং পুলিশের ভাষ্য অনুযায়ী মহানগরীর শীর্ষ ছিনতাইকারী ও ছিনতাইকারী চক্রের গডফাদার হিসেবে পরিচিত রবিউল ইসলাম ওরফে রুবেল ওরফে ‘চাকমা রুবেল’ (৪২) তার তিন সহযোগীসহ গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে চারটি ধারালো ফোল্ডিং স্টিলের ছোরা এবং পরবর্তী অভিযানে দুটি ধামা উদ্ধার করা হয়েছে।

সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে বক্সিরহাট পুলিশ ফাঁড়ির একটি দল মঙ্গলবার (১৪ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, কোতোয়ালী থানার ইস্পাহানী মোড় পুলিশ বক্সের সামনে রিয়াজউদ্দিন বাজার, ফলমন্ডি ও নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের টার্গেট করে ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রবিউল ইসলাম ওরফে রুবেল ওরফে চাকমা রুবেল (৪২), আক্তার হোসেন ওরফে সুমন (৪৫), মো. আজাদ হোসেন (২৯) এবং নুর আলম (৩০)।

তল্লাশির সময় তাদের প্রত্যেকের কাছ থেকে একটি করে ধারালো ফোল্ডিং স্টিলের ছোরা উদ্ধার করা হয়। পরে চাকমা রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে সদরঘাট থানা এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে আরও দুটি ধামা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় কোতোয়ালী থানায় পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের দাবি, চাকমা রুবেলের বিরুদ্ধে মোট ৩৪টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সহযোগীদের নিয়ে কোতোয়ালী থানা এলাকাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে এবং চলন্ত বাসে ছিনতাই করে আসছিলেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।