এই দল কখনও বিশ্বাস হারায় না: মেসি

সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে টানা আরেকটি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কঠিন লড়াই শেষে জয় পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অধিনায়ক লিওনেল মেসি। তার বিশ্বাস, প্রতিকূল পরিস্থিতিতেও এই দল কখনও হাল ছাড়ে না।
রোববার (১২ জুলাই) কানসাস সিটির কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় ছিল আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে ৩-১ ব্যবধানে জিতে শেষ চার নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে মেসি বলেন, ‘জয় এবং সেমিফাইনালে উঠতে পেরে আমি খুবই খুশি। এটি ছিল খুব কঠিন লড়াইয়ের একটি জয়।’
সুইজারল্যান্ডের কঠিন চ্যালেঞ্জে অবাক হননি আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা জানতাম ম্যাচটি খুবই কঠিন হবে। ঠিক তেমনটাই হয়েছে।’
সেমিফাইনাল নিশ্চিত হওয়াকে বড় স্বস্তি হিসেবেও দেখছেন মেসি। তার ভাষায়, ‘এই ধাপটি পার হওয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এখন পরের ম্যাচের আগে কিছুটা স্বস্তিতে প্রস্তুতি নেয়ার সুযোগ পাব।’
আটলান্টায় বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টায় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এটি হবে বিশ্বকাপে মেসির তৃতীয় সেমিফাইনাল। পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ প্রথম সাক্ষাৎ। এর আগে কোনো পর্যায়েই ইংল্যান্ডের মুখোমুখি হননি মেসি।
ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও সতীর্থদের প্রশংসায় ভাসান ৩৯ বছর বয়সী এই তারকা। ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আবারও আমরা কষ্ট করেছি, কিন্তু এই দল কখনো বিশ্বাস হারায় না। আমরা আবারও বিশ্বের সেরা চার দলের মধ্যে। চল এগিয়ে যাই!’
কোয়ার্টার ফাইনালে মেসি নিজে গোল না পেলেও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের প্রথম গোলটি আসে তার নেয়া কর্নার থেকেই। পুরো ম্যাচজুড়েই আক্রমণভাগে নেতৃত্ব দেয়ার পাশাপাশি একাধিক সুযোগ তৈরি করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আর্জেন্টাইন অধিনায়ক।