বয়স যেন স্রেফ একটা সংখ্যা মাত্র, যার প্রমাণ ঢালিউডের অন্যতম জনপ্রিয় ও চিরসবুজ চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সময় যেন তার রূপ আর সৌন্দর্যের কাছে এসে থমকে গেছে। বয়স বাড়লেও গ্ল্যামার, অনবদ্য অভিনয় আর প্রাণবন্ত উপস্থাপনায় আজও ভক্তদের হৃদয়ে ঝড় তোলেন এই তারকা। আজ (১১ জুলাই) জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন।
১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন পূর্ণিমা। সেই হিসাবে আজ তিনি ৪৪ বছর পূর্ণ করে ৪৫ বছরে পা রাখলেন। জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবখানে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই রূপসী নায়িকা।
মাত্র ১৫ বছর বয়সে রুপালি পর্দায় অভিষেক ঘটে পূর্ণিমার। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। প্রথম ছবিতেই বাজিমাত করার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
দীর্ঘ ২৮ বছরের অভিনয়জীবনে প্রায় ৮০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। ২০০৩ সালে মুক্তি পাওয়া ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি তাকে তুমুল জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ক্যারিয়ারে সবচেয়ে বেশি, প্রায় ২৫টি সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করে ঢালিউডের অন্যতম সফল জুটি হিসেবে প্রতিষ্ঠিত হন তারা। এ ছাড়া মান্না, শাকিব খান, ফেরদৌস, আমিন খানসহ দেশের প্রায় সব শীর্ষ নায়কের সাথেই উপহার দিয়েছেন বহু ব্যবসা সফল সিনেমা।
বাণিজ্যিক ধারার পাশাপাশি সাহিত্যনির্ভর চলচ্চিত্রেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন পূর্ণিমা। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি টিভি নাটক ও ঝকঝকে উপস্থাপনাতেও তিনি সমানভাবে সফল ও প্রশংসিত। সময়ের সাথে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে আজও ঢালিউডের অন্যতম শীর্ষ তারকা হিসেবে দর্শকদের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দিলারা হানিফ পূর্ণিমা।