স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, ভোট অক্টোবরে

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রোডম্যাপ তৈরি করা হয়েছে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার তথ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান ডা. জাহেদ।

তথ্য উপদেষ্টা বলেছেন, আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। আগামী বছরের অক্টোবরের মধ্যে নির্বাচন শেষ হবে।

এসময় উপদেষ্টা সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়েও কথা বলেছেন। এ ঘটনার তদন্ত হবে জানিয়ে তিনি বলেছেন, এর সঙ্গে জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই স্মৃতি জাদুঘর নিয়েও কথা বলেছেন তথ্য উপদেষ্টা, ‘জুলাই জাদুঘর আগামী ৫ আগস্টের আগে উদ্বোধন করা হবে। এ সরকার জুলাইয়ের সরকার। কাজেই জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নিয়ে কটুক্তি কোনোভাবেই কাম্য নয়।’

অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য উপদেষ্টা বলেছেন, দেশে খাদ্য চাষ এবং সংরক্ষণ পর্যায়ে খাদ্যপণ্যে অনেক রাসায়নিক ব্যবহার করা হয়। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
‘দেশের খাদ্য ব্যবসায়ীদের ডাটা সংগ্রহ করে একটি তথ্য ভান্ডার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসার সঙ্গে জড়িতদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ঠেকাতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’, জানালেন উপদেষ্টা।