জাজিরায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান। সভায় প্রধান অতিথি ও মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। তিনি জাজিরা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালেহ আহম্মেদ, পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রোমান বাদশাহ, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন সরদার, জাজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান হাওলাদার, কুন্ডেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকতার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম ফরাজি, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি এসএম বজলুর রশিদ, সাধারণ সম্পাদক মাহবুব আলম টিটু আকন, পৌরসভা বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কেএম কামরুজ্জামান মিলন খান, উপজেলা যুবদল সভাপতি মোঃ আলমগীর হোসেন, জাজিরা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান শিপন হাওলাদার, সাবেক সভাপতি মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সানজিদ মাহমুদ সুজন এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মুক্তার হোসেন ফকির প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম বলেন, জাজিরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। একইসঙ্গে অবৈধ ড্রেজার পরিচালনা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পাশাপাশি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের যেকোনো অপতৎপরতার ওপর নজরদারি জোরদারের নির্দেশনা দেন। এসময় তিনি দলীয় পরিচয় ব্যবহার করে কোনো ধরনের তদবির বা ব্যক্তিগত সুবিধা আদায়ের চেষ্টা থেকে বিরত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সভার শেষে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।