প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত, কিশোরী আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের সম্পর্কের টানাপোড়েন ও বিয়ের প্রতিশ্রুতি ঘিরে বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) ভোর পৌনে ৫টার দিকে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) ওই এলাকার হাজী এনামুল হকের ছেলে। আটক নাঈমা জাহান (১৫) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের রবিউল মৃধার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর ধরে সিয়াম ও নাঈমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার সময় নাঈমা সিয়ামের বাড়িতে অবস্থান করছিলেন। একপর্যায়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে নাঈমা ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিয়ের প্রতিশ্রুতি, ব্যক্তিগত সম্পর্কের জটিলতা এবং গর্ভধারণ-পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত কিশোরীকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।