গাজীপুর মহানগরীর পূবাইলে অবস্থিত পূবাইল আদর্শ কলেজের নবনির্মিত চারতলা ভিতবিশিষ্ট (প্রথম তলা) একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে কলেজ মাঠ প্রাঙ্গণে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল আদর্শ কলেজ গভর্নিং বডির সভাপতি ও গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন পূবাইল আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রশিদ, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন শিকদার (বকুল), সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের শিক্ষক প্রতিনিধি ফাইজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফজলুল হক মিলন বলেন, নবনির্মিত একাডেমিক ভবনটি শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি পূবাইল আদর্শ কলেজের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয়। পরে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আসন্ন এইচএসসি পরীক্ষায় সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।