টেকসই নগর গতিশীলতা কর্মশালায় যোগ দিতে অস্ট্রিয়া গেলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ তিন কর্মকর্তা

টেকসই নগর গতিশীলতা (Sustainable Urban Mobility) বিষয়ক সক্ষমতা উন্নয়ন কর্মশালায় অংশ নিতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ তিন সদস্যের একটি সরকারি প্রতিনিধি দল অস্ট্রিয়া সফরে গেছেন। আগামী ২৯ জুন থেকে শুরু হওয়া চার দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণের উদ্দেশ্যে তারা শনিবার (২৮ জুন) সকালে বাংলাদেশ ত্যাগ করেন।

প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রূপম আনোয়ার এবং বিদ্যমান চট্টগ্রাম–দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়াল গেজে রূপান্তর প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আসাদুল হক।
এর আগে গত ১৭ জুন ২০২৬ তারিখে জারি করা এক সরকারি আদেশে তাদের সফরের অনুমোদন দেওয়া হয়। আদেশ অনুযায়ী, ২৯ জুন থেকে ২ জুলাই ২০২৬ পর্যন্ত অথবা নিকটতম সুবিধাজনক সময়ে ভ্রমণকাল ব্যতীত চার দিনের জন্য তারা অস্ট্রিয়ায় অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেবেন।
সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, সফরের যাবতীয় ব্যয় বহন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সফরকালীন সময়ে কর্মকর্তারা বাংলাদেশে প্রাপ্য স্থানীয় মুদ্রায় তাদের বেতন-ভাতা গ্রহণ করবেন; বৈদেশিক মুদ্রায় কোনো ভাতা গ্রহণের সুযোগ থাকবে না।
এছাড়া সফর ও ট্রানজিটে অতিবাহিত সময় সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে গণ্য হবে। অনুমোদিত সময়সীমার অতিরিক্ত বিদেশে অবস্থান করা যাবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, অস্ট্রিয়া সফর শেষে দেশে ফিরে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিনিধি দলকে সফরের অভিজ্ঞতা, অর্জন ও সুপারিশসম্বলিত একটি প্রতিবেদন রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে দাখিল করতে হবে।
উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ১৭ জুন ২০২৬ তারিখে এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়।