বাংলাদেশ রেলওয়ের সেবার মানোন্নয়ন, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে রেলপথ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ রেলওয়ের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ব্রিফিংয়ে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
রেলপথ মন্ত্রী জানান, সভায় রেলওয়ের বর্তমান কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সেগুলো উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে যাত্রীসেবার গুণগত মান বৃদ্ধি, ট্রেন পরিচালনায় দক্ষতা বাড়ানো, নিরাপত্তা জোরদার করা এবং রেল অবকাঠামোর আধুনিকায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে রেল যোগাযোগ সম্প্রসারণের লক্ষ্যে নতুন পরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে। এ লক্ষ্যে দেশের ১০টি জেলায় নতুন করে রেল সংযোগ স্থাপনের বিষয়টি সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। এসব জেলার সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হলে আঞ্চলিক অর্থনীতি, বাণিজ্য ও যাত্রী পরিবহনে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করা হয়।
সভায় রেলওয়ের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা, চলমান প্রকল্পসমূহের দ্রুত বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি আধুনিক, নিরাপদ ও সময়োপযোগী রেলব্যবস্থা গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান রেলপথ মন্ত্রী। ব্রিফিংয়ে তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে রেলকে দেশের অন্যতম প্রধান গণপরিবহন ব্যবস্থায় পরিণত করা এবং জনগণের জন্য আরও উন্নত, নির্ভরযোগ্য ও আরামদায়ক সেবা নিশ্চিত করা। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।