মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ লক্ষ টাকা জরিমানা।

শরীয়তপুর সদর উপজেলা পালং বাজার এলাকায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে দুটি মিষ্টির দোকানকে মোট ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শরীয়তপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাফিস এলাহী। সার্বিক সমন্বয়ে ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শরীয়তপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য। এ সময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পালং বাজারের উত্তর প্রান্তে পরিচালিত অভিযানে বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে একাধিক অনিয়ম পাওয়া যায়। এর মধ্যে ছিল অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, দই ও ঘিতে বিএসটিআইয়ের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, খাদ্যপণ্যে সঠিক লেবেল ব্যবহার না করা এবং খাদ্যপণ্য খোলা অবস্থায় রাখা।