তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ

গাজীপুরের ঢাকা-কাপাসিয়া মহাসড়কের সাটিয়াবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি রাজাবাড়ী ইউনিয়নের সদস্য ও শ্রমিকদল নেতা মো. সেলিম ফকির। প্রত্যক্ষদর্শী ও সংবাদকর্মী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সাটিয়াবাড়ী এলাকায় যাত্রীবাহী একটি কভারভ্যানের চাপায় এক গার্মেন্টসকর্মী নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দৈনিক দেশ বর্তমান পত্রিকার গাজীপুর জেলা ব্যুরোর সংবাদকর্মী নাঈম ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন। এ সময় এক পথচারীর মোবাইল ফোনে ধারণ করা দুর্ঘটনার ভিডিও তিনি সংগ্রহ করেন। অভিযোগ রয়েছে, ভিডিও সংগ্রহের কিছুক্ষণ পর রাজাবাড়ী ইউনিয়নের সদস্য ও শ্রমিকদল নেতা মো. সেলিম ফকির তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন থেকে সাংবাদিক নাঈমকে কল দিয়ে বলেন, “দুই মিনিটের ভিতরে আমার সামনে আয়।” এ ঘটনাকে সাংবাদিকের প্রতি হুমকি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সাংবাদিক নাঈম বলেন, “আমি পেশাগত দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ সেলিম ফকির ফোন করে আমাকে হুমকি দেন এবং দেখে নেওয়ার কথা বলেন। এটি সাংবাদিকতার স্বাধীনতা ও তথ্য সংগ্রহের অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপ।” এ বিষয়ে বক্তব্য জানতে মো. সেলিম ফকিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা হুমকিদাতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সুশীল সমাজের প্রতিনিধিরা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।