বিএনপিসহ বিরোধী জোটের পদযাত্রা কর্মসূচির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে ‘শান্তি সমাবেশ’ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (৪ মার্চ) সকাল থেকে এই কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।
সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে সারা দেশে মহানগরের থানায়-থানায় পদযাত্রা করবে বিএনপি ও সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো। ঢাকার ৫০টি থানাতেই এ পদযাত্রার কর্মসূচি রাখা হয়েছে। অন্যদিকে, বিরোধী দলগুলোর এই কর্মসূচির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে ‘শান্তি সমাবেশ’ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগ জানিয়েছে, ঢাকায় আজ ১০টি জায়গায় সমাবেশ করবে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। চারটি হবে উত্তরে। আর দক্ষিণে ছয়টি স্থানে নির্বাচনী আসন ধরে সমাবেশ হবে। সব থানা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে এই ছয় সমাবেশে যোগ দেবেন। বেলা তিনটায় এসব সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আবার বিএনপির পদযাত্রা হবে বেলা দুইটায়। প্রায় কাছাকাছি সময়ে দুই দলের মিছিল ও পদযাত্রাকে ঘিরে দুই পক্ষের মুখোমুখি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিএনপির জানায়, শনিবার (৪ মার্চ) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা মহানগরের থানায়-থানায় একযোগে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। শনিবারের পদযাত্রা কর্মসূচি থেকে নতুন করে আবার ১১ মার্চ পদযাত্রা কর্মসূচি ঘোষণা করবে বিএনপিসহ তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীরা। তবে ১১ তারিখ পদযাত্রা কর্মসূচি ইউনিয়ন নাকি থানা পর্যায়ে হবে যানা যায়নি।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, পদযাত্রা কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে মহানগরে বিএনপির।এছাড়া শনিবার ১২ দলীয় জোটের উদ্যোগে বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন রাস্তা থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে কালভার্ট রোড হয়ে আবারো বিজয়নগর পানির ট্যাংকির সামনে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এতে জোটের শীর্ষ নেতারা পদযাত্রা কর্মসূচিতে অংশ নেবেন।
বিকেল ৩টায় রাজধানীর পূর্বপান্থপথের এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়সহ রাজধানীর আরও ৩টি স্থানে পদযাত্রা কর্মসূচি পালন করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এলডিপির নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
বিরোধী মতের রাজনৈতিক নেতৃবৃন্দকে দমন-পীড়ন ও দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা করবে গণতন্ত্র মঞ্চ। দুপুর ১২টায় তাদের এই কর্মসূচি অনুষ্ঠিত হবে প্রেস ক্লাবের সামনে।