ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে কোটা আন্দোলনকারীরা। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ আন্দোলনকারীদের সরাতে চেষ্টা করেও ব্যর্থ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন কলেজের হাজার হাজার শিক্ষার্থী বেলা ১১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা মাওনা চৌরাস্তায় এবং আ. আউয়াল কলেজের শিক্ষার্থীরা জৈনাবাজার এলাকায় মহাসড়কের চারটি লেন অবরোধ করে রেখেছে। বর্তমানে মাওনা চৌরাস্তা থেকে জৈনাবাজর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক জুড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কোটা আন্দোলনে পুলিশ, ছাত্রলীগের হামলায় আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মুর্শেদ বলেন, ‘শিক্ষার্থীরা মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ করে আন্দোলন করছে। সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা মহাসড়কে কাজ করছি।’