এমপি মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মোছলেম উদ্দিন ১৯৬৯ সালে সরকারি কমার্স কলেজের ভিপি নির্বাচিত হন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন।

তিনি ১৯৭০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।  তিনি ২০০৫ সাল থেকে ২০১৩ পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ২০১৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।  মোছলেম উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ এক নিবেদিতপ্রাণ নেতাকে হারালো।

প্রধানমন্ত্রী মোছলেম উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার (০৫ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-‌বোয়ালখালী) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মোছলেম উদ্দীন আহমদ। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ ২০১৩ সাল থেকেই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।  দীর্ঘদিন তিনি ওই কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।  চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের এক সময়ের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  ২০২০ সালের ১৩ জানুয়ারির উপ-নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও বোয়ালখালী) আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।