ভোট দেননি নিখোঁজ প্রার্থী আসিফের স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচন সুষ্ঠু নয় উল্লেখ করে নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছেন ‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরুর নিছা।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আশুগঞ্জ শ্রম কল্যাণ ভোটকেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  ভোটকেন্দ্রে ‘অনিয়ম’ দেখে ভোট না দিয়েই কেন্দ্র ছেড়ে যান বলে জানিয়েছেন মেহেরুর।

তিনি অভিযোগ করে বলেন, ‘আমি এই কেন্দ্রে এসে দেখলাম ভোটারের ফিঙ্গার রেখে অন্যরা ভোট চেপে দিচ্ছে।  যতটুকু খবর পেয়েছি, সব কেন্দ্রেই এমন হচ্ছে এবং আমার কর্মীদেরকে বের করে দিচ্ছে।  এজেন্টদেরও ঢুকতে দিচ্ছে না।  আমি ডিসি সাহেবকে (রিটার্নিং কর্মকর্তা) বিষয়টি জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি এটা অসুস্থ নির্বাচন।  যেহেতু নির্বাচনটা সুষ্ঠু না, সেহেতু আমাদের রেজাল্টটা কী আসবে আপনারা বুঝতে পারছেন।  যদি সুষ্ঠু ভোট হতো, তাহলে আসিফ বিপুল ভোটে বিজয়ী হতো।  উনি প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন।  আমাদের কর্মীরা এখনও মাঠের বাইরে।  এ অবস্থায় আমি আর কী বলতে পারি!  এটা কী নির্বাচন?  ভোটের এই পরিবেশ দেখে আমি ভোট দেইনি।’