থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ জনের পরিচয় মেলেছে

বান্দরবানে থানচি সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের ডাকাতির ঘটনায় এক নারী ও গাড়ি চালকসহ ৪ জনকে আটক করা হয়েছে। ডাকাতি কাজে ব্যবহৃত গাড়িও জব্দ করেছে থানচি থানা পুলিশ।

সোমবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার সৈকত শাহীনের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, রোয়াংছড়ি রৌনিন পাড়ার জিংচুন নুং বমের মেয়ে ভানুনুন নুয়াম বম, থানচি সিমত্লাংপি পাড়ার লাল মুন চম বমের দুই ছেলে জেমিনি বম, আমে লনচেও বম। কফিল উদ্দিন সাগর থানচি টিএন্ডটি পাড়ার মো. ইউসুফের ছেলে।

জেলা পুলিশ সুপার সৈকত শাহীনের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার (৩ এপ্রিল) বান্দরবানে থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে সশস্ত্র ডাকাত দলের ২৫-৩০ জন সদস্য পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিত হামলা করে। অস্ত্রের মুখে উপস্থিত লোকজনকে জিম্মি করে সোনালী ব্যাংক থেকে ১৫-২০ লক্ষ টাকা এবং কৃষি ব্যাংক থেকে অনুমান ৩ লক্ষ টাকাসহ ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও উপস্থিত লোকজনদের কাছ থেকে আনুমানিক ১০-১৫ টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, ব্যাংক ডাকাতির ঘটনার পর থানচি থানায় মামলা করা হয়। এরই প্রেক্ষিতে রবিবার (৭ এপ্রিল) থানচি থানা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় এবং উক্ত ডাকাতিতে ব্যবহৃত ঢাকা মেট্রো-নং ১১- ৩০০৭ নম্বরের একটি সাদা রঙের গাড়ি থানচি থানার অন্তর্গত টিএন্ডটি পাড়া থেকে উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত গাড়ির চালককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া রবিবার (৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে বান্দরবানের রেইচা চেকপোষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত তিনজন আসামিকে আটক করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে। থানচি সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক ডাকাতির মামলায় গ্রেফতার দেখানো হয়। তবে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এ সংবাদ বিজ্ঞপ্তিতে।