ঢাকাই সিনেমার শীর্ষ ও জনপ্রিয় নায়ক শাকিব খান। ঢালিউডের সুপারস্টার তিনি। দেশের গণ্ডি পেরিয়ে শাকিব খান নাম লিখিয়েছেন টলিউডের সিনেমায়ও। সব মিলিয়ে পশ্চিমবঙ্গেও পরিচিত এক নাম শাকিব।
তবে শাকিব খানকে নিয়ে প্রায় সময় এই গুঞ্জন ওঠে যে তিনি নাকি অভিনয়ই জানেন না!
এবার কথাটি বলেছেন টালিউডের নামকরা প্রযোজক রানা সরকার। দেশ টিভির এক প্রতিবেদনে প্রচারিত অডিও বার্তায় শাকিব খান প্রসঙ্গে রানা বলেন, ‘শাকিব জনপ্রিয় হলেও পশ্চিমবঙ্গে তার সিনেমার দর্শকপ্রিয়তা নেই। সুপারস্টারের সিনেমা যেমন চলা উচিত, যেমন দেব, জিৎ, সোহম—সে রকম চলে না। শাকিব খান হয়তো খুব জনপ্রিয়, কিন্তু অভিনয়ে অন্য যাঁরা নাম করছেন, তাঁদের তুলনায় অতটা ভালো নয়। ’
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় শাকিব খান ছবি করলেও হলগুলো এই নায়কের সিনেমায় ততটা আগ্রহী নয় বলে মন্তব্য রানা সরকারের। তিনি বলেন, ‘শাকিব খানের সিনেমা হলে তো চলেই না, বাংলার কোনো স্যাটেলাইট চ্যানেলেও তাকে সেই দামটা দেয় না, যে দামটা দেব, জিতের মতো নায়কদের আছে। ’
এই প্রযোজক বলেন, শাকিব খান সুপারস্টার ঠিকই, তবে এই নায়ক যদি আরও অভিনয়ের দিকে মনোযোগ দিতেন, তাহলে ভালো হতো বলে মনে করেন রানা সরকার।
উল্লেখ্য, ঢাকাই ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন শাকিব খান। নতুন লুকে লুফে নিচ্ছেন ভক্তদের মন। সর্বশেষ ‘প্রিয়তমা’ সিনেমা দিয়েও নতুন করে আলোচনায় এই নায়ক। কাজ করেছেন শ্রাবন্তী, শুভশ্রীসহ টলিউডের অনেক নায়িকার সঙ্গেও।
শাকিবের সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকের ঢল। তবুও কিনা সেই নায়ককে নিয়েই প্রশ্ন তুললেন টলিউডের প্রযোজক রানা সরকার।