রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের আগুনে কেউ নিখোঁজ থাকলে স্বজনদের হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। রাত দুইটার দিকে ঘটনাস্থলের সামনে মাইকে এই ঘোষণা দেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বহুতল ভবনটিতে অনেকগুলো রেস্তোরাঁ থাকায় সেখানে খেতে এসেছিলেন অনেকে। তাই আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তাদের স্বজনেরা। এছাড়া উৎসুক জনতাও ভিড় করেছিলেন সেখানে।
মাইকে ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে উৎসুক জনতাকে সরিয়ে দেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের ঘটনাস্থল থেকে চলে যেতে বলেন তারা।
আগুন লাগার পর ভবনটি থেকে জীবিতদের উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এই কাজে দুটি ক্রেনের সহায়তা নেওয়া হয়। রাত দুইটার দিকে ক্রেন দুটিও সরিয়ে নেওয়া হয়। ক্রেনের সহায়তায় আগুন লাগার পরে ভবনটিতে আটকে পড়া ৭৫ জনকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর মধ্যে ১৫ জন নারী।
স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সাংবাদিকদের জানিয়েছেন, এখন পর্যন্ত এ ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়েছে।