আমাদের গণতন্ত্র আমরাই চালাব : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,  আমাদের গণতন্ত্র আমরাই চালাব। বিদেশি কারও ফরমায়েশে চলবে না। শত বাধা বিপত্তির মধ্যেও শেখ হাসিনা গণতন্ত্র বিকাশে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে দলীয় প্রধান কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশিরাও কিছু বলেননি উল্লেখ করে সেতুমন্ত্রী  বলেন, ‘কারণ, তাদের দেশে তত্ত্বাবধায়ক নেই।  আসলে বিএনপি সরকারের উন্নয়ন অর্জনে হেরে যাবে, তারা আজকে দিশেহারা।  বিদেশিদের কাছে নালিশ করে সেই বিদেশিরাও বিএনপির পক্ষে কিছুই বলে না।’

সর্বশেষ বাংলাদেশ সফর করা যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বিএনপির সঙ্গে বৈঠক করেনি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা যার সঙ্গে ইচ্ছা বৈঠক করুক। কিন্তু আমাদের এখানের গণতন্ত্র আমরাই চালাব।  কারও ফরমায়েশে বাংলাদেশের গণতন্ত্র চলবে না।  আমরা নির্বাচন করি, কেমন নির্বাচন করি তা দেখার জন্য পর্যবেক্ষক হিসেবে শেখ হাসিনা স্বাগত জানিয়েছে।  সে আমেরিকা থেকে আসুক, ইউরোপ থেকে আসুক, যেখান থেকে ইচ্ছা পর্যবেক্ষক আসুক, এখানে কোনো বাধা নেই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকা আওয়ামী লীগের সাত দশকের ইতিহাস, এটাই আওয়ামী লীগের ঐতিহ্য। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার হয়, আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না কিন্তু বার বার হত্যা রাজনীতির শিকার হয়।  এটাই বাস্তবতা।

ওবায়দুল কাদের বলেন, আজ বিএনপি কখন যে কী বলে! তাদের ভেতরে গণতন্ত্র নেই।  সম্মেলন হয় না কতদিন তাদের।  নিজেরাই কমিটি দেয়।  তারা কীভাবে গণতন্ত্র শেখাবে আওয়ামী লীগকে? তাদের আমলে ভোট চুরির রেকর্ড হয়েছে, ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার করেছিল, ওয়ান ইলেভেনের জন্য এটা অন্যতম কারণ।   তিনি বলেন, আমি তিন তিনবার সম্মেলন করে সাধারণ সম্পাদক হয়ে গেলাম, কিন্তু বিএনপি? ঢাকা থেকে তৃণমূলে, আমাদের কয়েক হাজার সম্মেলন হয়ে গেছে, কেন্দ্র থেকে ওয়ার্ড ইউনিট পর্যন্ত।  অথচ তাদের নির্বাচিত কোনো প্রতিনিধি নেই।  সেই সুযোগ তাদের দলে নেই, সহযোগীদের সম্মেলন নেই, ঘরে বসে কমিটি দিচ্ছে।তারা (বিএনপি) গণতন্ত্রের বস্ত্র হরণ করেছে।  তাদের মুখে গণতন্ত্রের বুলি মানায় না।  এ দেশে গণতন্ত্রের যত অর্জন ৭৫ পরবর্তী গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে তার অগ্রভাগে ছিলেন শেখ হাসিনা।  তার নেতৃত্বেই গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।