ফাউল করলে খবর আছে:দলীয় প্রার্থীদের কাদের

দলীয় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেছেন, “নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে। ফাউল করলে খবর আছে। আমরা কারো জন্য তদবির করবো না।” শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নিজ আসন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট)-এ নির্বাচনী এক পথসভায় তিনি এ পরামর্শ দেন। বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণার শুরু করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা। ওবায়দুল কাদের বলেন, “গণতন্ত্রকে বাঁচাতে হলে বাংলাদেশকে বাঁচাতে হবে। গণতন্ত্রকে বাঁচাতে হলে সংবিধানকে বাঁচাতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।” নোয়াখালী-৫ আসনের ভোটারদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “নির্বাচন না হলে সংবিধানের ধারাবাহিকতা থাকে না। আবারও ওয়ান ইলেভেনের মত অস্বাভাবিক-অনির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে। আপনারা গণতন্ত্র চান নাকি ওয়ান ইলেভেন চান? আপনারা নির্বাচন চান নাকি ওয়ান ইলেভেন চান?” ওবায়দুল কাদের বলেন, “আমরা আছি। মাঠ ছেড়ে পালাব না। জনগণের সঙ্গে ও ভোটারদের সঙ্গে আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগের কর্মীরা আপনাদের সঙ্গে থাকবে। সময়মতো এসে আপনাদের মূল্যবান ভোট দিবেন।” এ সময় ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।