বিদ্যুৎ-গ্যাসের লাইন কাটার ভয় দেখাবেন না: ডা. জাহিদ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ বলেন গ্যাসের লাইন, পানির লাইন, ইলেক্ট্রিক লাইন কাটার ভয় দেখাবেন না। এগুলো কারো বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি নয়। জনগণের সম্পদ, জনগণ ব্যবহার করবে। তিনি আরো বলেন, আমরা জানি বঙ্গভবনেও অক্সিজেন বন্ধ করে দেবার বক্তৃতা আপনারা দিয়েছিলেন।আমাদের মনে রাখতে এই স্বৈরাচারকে বিদায় করতে হলে তার সকল কর্মকান্ডে অসহযোগিতা করতে হবে। পথসভা শেষে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর নেতৃত্বে পেশাজীবী নেতারা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোপখানা রোডে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক সম্বলিত লিফলেট বিতরণ করেন। পেশাজীবী পরিষদের এই আহ্বায়ক বলেন, দেশের মানুষ এখন ভোটাধিকার ফেরত চায়। অসহযোগ আন্দোলনের মাধ্যমেই এ সরকারকে বিদায় করা হবে। ডা. জাহিদ বলেন, জুলুমকারী জয়যুক্ত হয়েছে এই ইতিহাস পৃথিবীতে নাই। জুলুম করে এই সরকার ক্ষমতায় থাকতে পারবেনা। সংগঠনের সদস্য সচিব কাদের গনি চৌধুরির সঞ্চালনায় এছাড়া আরো বক্তব্য রাখেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।