রোড টু ইলেকশন : ঢাকা ৫ আসনে দ্বিধা-বিভক্ত আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভক্ত হয়ে পড়েছে ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ নেতা-কর্মীরা। আওয়ামী লীগ ঘরানার ভোট থেকেই জয় চান নৌকার প্রার্থী হারুনর রশীদ মুন্না ও স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল। দক্ষিণ-পূর্বাঞ্চলের জন্য রাজধানীর প্রবেশমুখ হওয়ায় রাজনৈতিক দলগুলোর কাছে গুরুত্বপূর্ণ ঢাকা-৫ আসন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩ টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৫ আসনে ভোটার প্রায় ৫ লাখ। তাদের চাওয়ার ভিন্নতা আছে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলীর আংশিক নিয়ে গঠিত এই আসনে রাজধানীর পরিবহনের একটি বড় বাণিজ্য আছে। একে কেন্দ্র করে একদিকে যেমন অর্থনৈতিক কার্যক্রম আছে তেমনি আছে ভোগান্তিও।

একদিকে রাজধানীর ব্যস্ততম এলাকা অন্যদিকে ঢাকার নতুন অংশ পড়েছে এই আসনে। দীর্ঘদিনের বয়ে চলা নানা ভোগান্তিও আছে। এই এলাকার আওয়ামী লীগ ঘরানার ভোটাররাও পড়েছেন সিদ্বান্ত নেওয়ার ভোগান্তিতে। ২০২০ সালে এই আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর পর উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে জয়ী হন কাজী মনিরুল ইসলাম মনু।

বর্তমান এই সংসদ সদস্যকে নৌকার মাঝি না করে এবার মনোনয়ন দেয়া হয়েছে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নাকে। তৃণমূল রাজনীতির মাঠ থেকে উঠে আসা নৌকার এই প্রার্থীর দাবি, শেখ হাসিনার মার্কা তাকে জয় এনে দিবে। ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা চারবারের এমপি বাবার রেখে যাওয়া ভোট ব্যাংককে কাজে লাগাতে চান। পারিবারিক বলয় নাকি নৌকার জয় কোন দিকে যাবে ঢাকা-৫ আসন সেটি নিশ্চিত হতে ৭ জানুয়ারী পর্যন্ত অপেক্ষা করতে হলেও এই আসনে যে ভোটের লড়াই হবে সেটি বলাই যায়।