হঠাৎ করেই মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে আসে, বিয়ে করেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তার স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি একজন জাহাজ ব্যবসায়ী।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনেও দাবি করা হয়, বর্তমানে ধানমন্ডিতে থাকছেন পপি। দুই বছরের একটি পুত্রসন্তান রয়েছে তার। যার নাম আয়াত। স্বামীর পরিবার পপিকে এখনও মেনে নেয়নি বলে অনেকটা বাসাবন্দি সময় কাটাচ্ছেন তিনি।
এ নিয়ে যখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা, তখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি চিত্রনায়িকার। কিন্তু, বিষয়টি নিয়ে পপির কোনো বক্তব্য পাওয়া না গেলেও আদনান কামাল নামের এই ব্যবসায়ী জানালেন, পপি তাঁদের পারিবারিক বন্ধু। পপিকে বিয়ের প্রশ্নই আসে না। নায়িকাকে বিয়ের খবর ‘মিথ্যা’ দাবি করে পুরো বিষয়টি তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে সংবাদমাধ্যমকে আদনান কামালের জানান ‘গতকাল সারা দিন আমার কাছে কয়েক হাজার ফোন এসেছে। আমি বিরক্ত। আমাকে এমনভাবে প্রশ্ন করতেছে, যেন আমি রিমান্ডে আছি। অনেকে এমনও লিখেছে, আমার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। আমাকে এসব করে রীতিমতো ভাইরাল করে দিয়েছে। আমার ওয়াইফও বিষয়টি বেশ উপভোগ করছে। ’

পপির সঙ্গে অনুষ্ঠানে ছবি প্রসঙ্গে এই ব্যবসায়ী বলেন, ‘২০১৮ সালে আমার ছোটবোনের বিয়েতে এসেছিলেন তিনি। সে আমার স্ত্রীর বড় বোনের বন্ধু। পারিবারিক বন্ধুত্বের কারণে পপি ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি আমাদের বাড়িতে আসছেন, আমরাও কখনো গিয়েছি। তাই বলে এটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার মানে হয় না। ’
পপিকে বিয়ে প্রসঙ্গে আদনান উদ্দিন প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘পপি ম্যাডাম কী কোথাও বলেছেন, আমি তার স্বামী? শাহরুখ খানও বিয়েতে নাচতে যান, তাই বলে কী তার সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়ে যায়?
এছাড়া সবশেষ আয়াত নামের সন্তান থাকার ব্যাপারে আদনান কামাল বলেন, এটা মিথ্যা কথা। আমার তিন সন্তান। বড় মেয়ে আদিবা, ছোট মেয়ে আজরীন ও ছেলে আলভী। আমাকে মনে হয় সমাজে হেয়প্রতিপন্ন করতে প্রতিপক্ষ ব্যবসায়ীরা এসব কাজ করছেন। তিন-চারজনকে সন্দেহ করছি। নিশ্চিত হয়ে তবেই তাদের নাম বলতে চাই আমি।