কক্সবাজারের রামুর ঈদগড়ের গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব-১৫।
বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা তুলাতলী পাহাড়ে এই অস্ত্র কারখানায় হানা দিয়ে দুইজন অস্ত্র তৈরির কারিগরসহ চার জনকে আটক করে র্যাব। এসময় ওই আস্তানা থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
তবে র্যাব-১৫ এর উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক ও প্রধান অস্ত্র তৈরির কারিগর মনিউল হক পালিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত র্যাব এখনও পুরো পাহাড় ঘিরে রেখেছে। আরও অস্ত্র, অস্ত্রধারীদের খোঁজে অভিযান চলছে।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে কারখানা গড়ে তুলে অস্ত্র তৈরি করে আসছিল একটি চক্র। পরে অভিযান চালিয়ে কারখানা থেকে দুইজন এবং বসতবাড়ি থেকে ২ জনকে আটক করা হয়। রামুর ঈদগড়ে অস্ত্র মজুদের খবর পেয়ে র্যাব সকাল থেকেই অভিযান শুরু করে। অভিযানের শুরু থেকে সফলতা পাওয়া গেছে।