আসন বণ্টন নিয়ে সময় চায় আ.লীগ, ১৪ দলে মিশ্র প্রতিক্রিয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে ৪০টি আসন চেয়েছে ১৪ দলের শরিক দলগুলো। বর্তমান সংসদে দলগুলোর মাত্র আটটি আসন থাকায় এবার পরিবর্তিত পরিস্থিতিতে অন্তত ২০টিতে ছাড় চায় তারা। কিন্তু গেলবারের চেয়েও এবার বেশি আসন চাওয়ায় তিন দফা বৈঠকের পরও সমঝোতা ঝুলিয়ে রেখেছে আওয়ামী লীগ।

এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে শরিক কয়েকটি দল বলছে, নির্বাচনের খুব বেশি সময় বাকি না থাকায় প্রস্তুতি নিতে হবে। তাই দুই-তিন দিনের মধ্যে আসন বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আওয়ামী লীগকে তাগিদ দিয়েছে। ১৪ দলের সূত্রে এসব তথ্য জানা গেছে। রবিবার (১০ ডিসেম্বর) সংসদ ভবন এলাকার এমপি হোস্টেলে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদকের কার্যালয়ে বৈঠকে বসেন ১৪ দলের নেতারা। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সভাপতিত্বে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এ বৈঠক হয়। আগের দুই দফা বৈঠকের মতো এবারও সিদ্ধান্ত ছাড়া আসন বণ্টনের আলোচনা শেষ হয় বলে জানিয়েছে বৈঠক সূত্র।

সূত্রমতে, বৈঠকে ৪০টির বেশি আসন দাবি করে ১৪ দলের শরিক দলগুলো। এ নিয়ে আলোচনা বাড়তে থাকায় বর্তমান সংসদে যে দলের যে কয়টি আসন আছে, সেটি বিবেচনায় নিয়ে শর্ট লিস্ট তৈরি করার কথাও উঠেছে। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আসন বণ্টন নিয়ে সুস্পষ্ট কোনও বক্তব্য না দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন (১৭ ডিসেম্বর) পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়। এ নিয়ে জোটের বড় দুটি দলের শীর্ষ একাধিক নেতা মিশ্র প্রতিক্রিয়া জানান। ভোটের সময় কম থাকায় দুই-তিন দিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্তে আসার তাগিদ দেন জোট নেতারা।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। আজ একটি বিষয় আলোচনা হয়েছে। সেটা হচ্ছে সিট সমঝোতা। তারা (আওয়ামী লীগ) বলেছে আলোচনা করবে। আমার কাছে মনে হয়েছে তারা এখনও প্রস্তুত করতে পারেনি।