উখিয়ায় রোহিঙ্গা শিবিরে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর এফ/১৬ ব্লকে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসাইন দাবী করেন, সন্ত্রাসীদের গুলিতে ওই যুবক খুন হয়। নিহত ইমাম হোসেন (৩০) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-০১ ইস্ট ব্লক-জি/১২ এর মনি উল্লাহর ছেলে।

ওসি জানান, প্রাথমিকভাবে তারা ধারনা করছেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা হতে পারে। পুলিশ ঘটনাস্থলের পাশের বাসিন্দাদের কাছ থেকে জানতে পারে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল ইমাম হোসেনকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইমাম হোসেনের।

খবর পেয়ে এপিবিএন ও থানা পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বলে জানায় ওসি শামীম হোসাইন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে।