নির্বাচনের নামে সরকার রাষ্ট্রের হাজার কোটি টাকা অপচয় করছে: সমমনা জোট

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এদেশে আর কোনো একতরফা নির্বাচন হবে না। দেশের জনগণ এ নির্বাচনকে না বলে দিয়েছে। রাষ্ট্রের টাকা অপচয়ের হিসেব একদিন এ সরকারকে দিতে হবে। রোববার (৩ ডিসেম্বর) দুপুরে অবরোধের প্রথম দিনে রাজধানীর পল্টনে এক মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন, বিজয়নগর ঘুরে পল্টন মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। ফরহাদ বলেন, এরা (আওয়ামী লীগ) যেমন জনগণের ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে, তেমনি বন্দুকের নল ঠেকিয়ে বিরোধী দলের কিছু নেতাকে একতরফা নির্বাচনে অংশ নেওয়াতে বাধ্য করছে। কিন্তু কোনো কিছুতেই এ সরকারের রক্ষা পাওয়ার সুযোগ নেই। এখন প্রয়োজন সবাইকে ঐক্যবদ্ধ হওয়া। মিছিলে আরো উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. ফায়েকুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের চেয়ারম্যান এ.টি.এম. গোলাম মাওলা চৌধুরী ও ভাইস-চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান এম.এন. শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগর নেতা নজরুল ইসলামসহ সমমনা জোটের অন্যান্য নেতৃবৃন্দ।