নির্বাচনে কয়টি দল অংশ নিয়েছে ও প্রার্থী কতজন জানতে চেয়েছে ইইউ নির্বাচনী দল: ইসি

রোববার (৩ ডিসেম্বর) নির্বাচন ভবনে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ইইউ প্রতিনিধি দল দেশের হরতাল-অবরোধের বিষয়ে জানতে চেয়েছে কি সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, হরতাল ও অবরোধের বিষয়ে তারা বলেনি। এরা সবাই নির্বাচনী এক্সপার্ট। অশোক কুমার দেবনাথ জানান, ভোট উৎসব হবে কিনা এই বিষয়েও তারা জানতে চাননি। কয়েকটি দল ভোটে এসেছে ও ভোটের প্রার্থী কতজন হয়েছে তা জানতে চেয়েছে। তারা সকল বিষয় পর্যবেক্ষণ করবে। নির্বাচন পূর্ব ও নির্বাচন পরবর্তী বিষয়গুলো অবজার্ভ করবে। তিনি আরও জানান, নির্বাচনী এক্সপার্টরা কোড অব কন্ডাক্টের কোন ভায়োলেন্স হচ্ছে কিনা এগুলো দেখবে। আইনগুলো সব বাংলায়। এগুলো ইংরেজিতে করে দিতে অনুরোধ করেছে সেগুলো করা হবে। ইইউ প্রতিনিধি দলটি সারাদেশব্যাপী ঘুরবে। এ সময় তাদের সদস্য সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলেও জানান অশোক কুমার। ২৩ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকবেন জানিয়ে অশোক কুমার দেবনাথ আরও বলেন, এই সময়ে ইইউ প্রতিনিধি দল দেশব্যাপী ঘুরে সহিংসতাসহ নানা বিষয় পর্যবেক্ষণ করবেন। তারা নির্বাচন পূর্ব এবং পরবর্তী সবকিছু পর্যবেক্ষণ করবেন। বৈঠকে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে সংস্থাটির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ইইউ নির্বাচনী বিশেষজ্ঞদলে- ডেভিড নোয়েল ওয়ার্ড, নির্বাচনী বিশ্লেষক আলেকজান্ডার ম্যাটাস, সুইবেস শার্লট এবং আইন বিশেষজ্ঞ রেবেকা কক্স উপস্থিত ছিলেন।