সুনামগঞ্জের ডিসিকে বদলি, ময়মনসিংহে নতুন ডিসি

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশ অনুযায়ী সুনামগঞ্জ ও ময়মনসিংহের ডিসিকে বদলি করা হয়েছে। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (মাঠ প্রশাসন শাখা–২) ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুনামগঞ্জের ডিসি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে ময়মনসিংহে বদলি করা হয়েছে। আর মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে সুনামগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাশেদ ইকবাল জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে কর্মস্থলে ৬ মাস হয়েছে, এমন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় ইসি। গত বৃহস্পতিবার কমিশনের উপসচিব মো. মিজানুর রহমানের সই করা চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যে সকল থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ৬ মাসের অধিক চাকরি সম্পন্ন হয়েছে, তাদের অন্য জেলায় বা অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন। ওসিদের পর সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও (ইউএনও) পর্যায়ক্রমে বদলি চায় ইসি। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো এক চিঠিতে ইসির এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সকল ইউএনওকে পর্যায়ক্রমে বদলি করার জন্য ইসি সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যে সকল ইউএনওদের বর্তমান কর্মস্থলে এক বছরের অধিক চাকরি সম্পন্ন হয়েছে, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে কমিশনে প্রেরণ করা প্রয়োজন।