জাতীয় পার্টি সাবেক মহাসচিব এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত করেছে রিটার্নিং কর্মকর্তা। শনিবার (২ ডিসেম্বর) রংপুর জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তার মনোনয়ন স্থগিত করা হয়। জানা গেছে, মামলা সংক্রান্ত বিষয়ে রংপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রওশনপন্থি জাপা নেতা মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত করা হয়। আজ বিকেল ৪টার মধ্যে মামলার প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কাগজপত্র দেখে মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন রিটার্নিং কর্মকর্তা। দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি আসনের মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে রংপুর-১ আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসানের নেতৃত্বে বাছাইকালে মসিউর রহমান রাঙ্গাসহ চারজনের দাখিল করা কাগজপত্রে অসঙ্গতি থাকায় মনোনয়ন স্থগিত করা হয়। অন্য তিন প্রার্থী হলেন- বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রানী, ওয়ার্কার্স পার্টির বখতিয়ার হোসেন ও সাংস্কৃতিক মুক্তিজোটের সবুজ আহাম্মেদ। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই প্রার্থীর দাখিল করা শতকরা এক ভাগ ভোটারের স্বাক্ষর সংবলিত স্বাক্ষর ভুল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম রাজু, জাতীয় পাটির প্রার্থী আসিফ শাহারিয়ারসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসান বলেন, “কাগজপত্র যাচাই-বাছাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”