বিএনপিকে ছাড়াই হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচন!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানো হবে না, বাড়ানোর আর সুযোগ নেই। তিনি বলেন, ‘আপনারা আগে থেকে অবহিত আছেন, পূর্বনিধারিত তারিখ ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। বিকেল ৪টায় মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হয়েছে। নির্বাচন কমিশন মনে করছে, মনোনয়নপত্র জমা দেয়ার সময় আর বাড়ানো হবে না। ফলে ঘোষিত তফসিল অনুযায়ী আজই মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা শেষ হলো।’ তাহলে কি বিএনপিকে ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘সেটা আপনারা বুঝে নেন।’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে একের পর এক হরতার-অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। গত ২৮ অক্টোবর দলটির সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর বিভিন্ন মেয়াদে আটবার অবরোধের ডাক দেয় দলটি। রোববার (৩ ডিসেম্বর) থেকে শুরু হবে নবম দফার অবরোধ। তবে বিএনপির এ আন্দোলনের মধ্যেই গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাই ১-৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর ভোট হবে ৭ জানুয়ারি ২০২৪।