দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটিতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার।
গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খানের কাছে এই মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) রাঙামাটি জেলা সভাপতি গঙ্গামানিক চাকমা, কেন্দ্রীয় সদস্য জুয়েল চাকমাসহ নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম জমা দেয়ার পর ঊষাতন তালুকদার সাংবাদিকদের বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করি। ভোটাররা স্বতঃস্ফুর্তভাবে ভোট কেন্দ্রে আসতে পারবে। কোন ধরনে বিশৃঙ্খলা সৃষ্টি হবেনা।
তিনি বলেন, নির্বাচিত হলে উন্নয়নের পাশাপাশি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে জোরালো ভুমিকা রাখবো।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার ২০১৪সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী দীপংকর তালুকদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৮সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর কাছে হেরে যান সাবেক এই গেরিলা নেতা।
রাঙামাটি-২৯৯ আসনে তিনিই প্রথম মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধন না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে দলটি।