বিএনপির আবারো ২৪ ঘণ্টার অবরোধ

সরকার পদত্যাগের এক দফা দাবি ও জাতীয় সংসদ নির্বাচনের “একতরফা” তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ঘোষিত অষ্টম দফায় অবরোধ শুরু হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টার এই অবরোধ চলবে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত। অবরোধ কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশজুড়ে হরতাল পালিত হবে।

অবরোধের সকালে অবশ্য রাজধানীসহ সারাদেশে গণপরিবহন প্রায় চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে সড়কে বেড়েছে মানুষের উপস্থিতিও। রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে যথাসময়ে আসতে দেখা গেছে শিক্ষার্থীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের উপস্থিতিও বাড়ছে।

অন্যদিকে, নাশকতা ঠেকাতে জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে, সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।

এদিকে অবরোধকে কেন্দ্র করে শনিবার রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।