রাজধানীর কদমতলী থানার রায়েরবাগে দুপক্ষের হাতাহাতিতে আব্দুর রহিম খান (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ছেলেরা বাসার সামনে আড্ডা, হৈ-চৈ করলে তাদের সেখানে থেকে চলে যেতে বলা হয়। এর জেরে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হাতাহাতি হয়। একপর্যায়ে ওই বৃদ্ধ আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন। তিনি বলেন, “নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” নিহতের ছেলে রাকিবুল হাসান অভিযোগ করে বলেন, “বাসার সামনে ওই এলাকার ইলিয়াস, আব্দুল্লাহসহ বেশ কিছু ছেলেপেলে নিয়মিত আড্ডা দেয়, চেঁচামেচি করে। আর তাই সেখান থেকে তাদের চলে যেতে বলা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তখন আমার বাবা আব্দুর রহিম খান এগিয়ে বাধা দিতে গেলে, তাকেও কিল-ঘুষি-ধাক্কা দেয় তারা। এতে তিনি পড়ে গিয়ে অচেতন হয়ে যান। ঢামেকে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”