ঢাকার দুই আসনে নৌকার টিকেট চেয়েছেন ফেরদৌস

ঢাকার দুটি আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকাই শোবিজের চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ ও ঢাকা-১৮ এই দুই আসনে নৌকার টিকেট চেয়েছেন তিনি। শনিবার (২৫ নভেম্বর) মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি তিনি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। শোবিজ তারকা হলেও গত কয়েক বছরে তাকে উল্লেখযোগ্য কোনো সিনেমায় দেখা যায়নি। এই সময়ের মধ্যে আলোচিত কোনো চরিত্রেও দেখা মেলেনি তার। তবে সিনেমায় সাড়া না ফেললেও আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় দেখা গেছে তাকে। আওয়ামী লীগের হয়ে সারাদেশের বিভিন্ন নির্বাচনে জনসংযোগও করেছিলেন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার টিকেটে অংশ নেওয়ার আগ্রহের বিষয়ে সংবাদমাধ্যম প্রথম আলোকে তিনি বলেন, “আমার জীবনের প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে। এরপর থেকেই নানা উপলক্ষে তার সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছে। ওনার দর্শনে বিশ্বাসী হয়ে রাজনীতিতে আমার সক্রিয় অংশগ্রহণ। আমার মনে হয়েছে, আমি যদি ওনার সঙ্গে কাজ করি, যেকোনো দেশের অগ্রগতির জন্য সাংস্কৃতির বিপ্লবের বড় একটা প্রভাব থাকে। সেই জায়গা থেকে আমার সঙ্গে যেহেতু শিল্পী ও শিল্পাঙ্গনের সবার সঙ্গে একটা আন্তরিক সম্পর্ক রয়েছে, তাই মনে হয়েছে, আই শুড বি দেয়ার। এই ভাবনা থেকে নির্বাচনে প্রার্থী হওয়া।” ফেরদৌস বলেন, “দীর্ঘ অভিনয়জীবনে মানুষের সেবাই করে গেছি। বিনোদন দিয়ে গেছি। প্রতিটা বাংলা সিনেমার একদম শেষে আমরা দেখতে পাই, দুষ্টের দমন হচ্ছে এবং আলোর পথ দেখাচ্ছি আমরা। হিরো সবকিছু জয় করে নিয়ে আসে। আমি যেই সিনেমাগুলোতে অভিনয় করেছি, কোনো না কোনো বিশ্বাসের জায়গা থেকেই করেছি। এছাড়া মানুষের জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে।” তিনি আরও বলেন, “জনকল্যাণে মানুষের কাছে থেকে, পাশে থেকে যতটুকু সম্ভব আমি সব সময় করতে চাই। আমার দ্বারা যেন কারও কোনো ক্ষতি না হয়, উপকার করতে পারলে তো খুবই ভালো- এটা সব সময় মেনে চলি। রাজনীতিবিদ হিসেবে মানুষের সেবায় নিজেকে আরও ভালোভাবে নিয়োজিত করতে চাই।” প্রসঙ্গত গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ২১ নভেম্বর পর্যন্ত মনোনয়ন বিক্রি করে দলটি। চার দিনে ৩,৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। এই চার দিনে ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগ ১৭২টি, ময়মনসিংহ বিভাগ ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি ও রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ২৬ নভেম্বরের মধ্যে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হবে। গত ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ইসির তথ্য অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ৭ জানুয়ারি। ওই দিন সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। সেদিন থেকেই প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।