বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবার কথা রয়েছে আজ শুক্রবার (২৪ নভেম্বর)। এই আলোচনায় গুরুত্ব পাবে রাজনীতি, প্রতিরক্ষা, বাণিজ্যসহ একাধিক ইস্যু। বৈঠকে মাসুদ বিন মোমেন বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এর আগে সচিব জানান, নির্বাচন নিয়ে ভারতীয় জানতে চাইলে জবাব দেবেন তিনি। বৈঠকের পরে দিল্লীতে নিযুক্ত ৯০ দেশের রাষ্ট্রদূতদের বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করার কথা রয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তিন দিনের সফরে দিল্লি যান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ভারত-বাংলাদেশের পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার আমন্ত্রণে এ সফর করছেন তিনি। নির্বাচনের কিছু দিন আগে কেন এই সফর এ সম্পর্কে বুধবার (২২ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেছেন, নির্বাচনকেন্দ্রিক বিশেষ কোনো এজেন্ডা নিয়ে ভারত যাচ্ছেন না। এটা নিয়মিত সফরের অংশ। ভারত সফরে কোনো লুকানো (গোপন) উদ্দেশ্য নেই দাবি করে পররাষ্ট্র সচিব বলেন, এ রকম মনে করার কারণ নেই যে, এখানে লুকানো উদ্দেশ্য আছে। তবে যেহেতু সামনে নির্বাচন এবং তাদের পক্ষ থেকে যদি কিছু জানার থাকে, তবে সেটি আমি তাদের অবহিত করতে পারবো।