দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। সভায় রাশেদা সুলতানা বলেন, আগের মতো দিন নেই। কমিশন এবার নতুন আইন করেছে ভোটারদের জন্য। তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো ভোটারকে ভয় দেখালে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। নির্বাচনের পরিবেশ ভালো আছে, ভোটের দিনও ভালো থাকবে। আর কে অবরোধ-হরতাল দিলো- সেটা দেখার সময় নেই। নির্বাচনের তারিখ পেছানো হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। পেছানোর কোনো সুযোগ নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করবে আইনশৃঙ্খলা বাহিনী। ইসি রাশেদা বলেন, ভোটের পরিবেশ তৈরি আছে। সংবিধান মেনে দেশে একটি সুন্দর, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমরা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। নির্বাচনে গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য মিডিয়ার সহযোগিতা আমরা কামনা করি।