ধলেশ্বরী সেতু টোল প্লাজায় বাসে আগুন, দগ্ধ ৩

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা–ভাঙ্গা ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক’র ধলেশ্বরী সেতু টোল প্লাজার সামনে ইসলামিয়া পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করেছে। শুক্রবার (২৪ নভেম্বর) ১২টার দিকে ধলেশ্বরী সেতুর মুন্সিগঞ্জ প্রান্তে এ আগুন লাগে। দুপুর ১২টা ১৬ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। জানা গেছে, বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এদিকে যাত্রীবাহী বাসে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ক্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আজ দুপুর ১২টা ১৬ মিনিটে মুন্সিগঞ্জের সিরাজদিখানের ধলেশ্বরী টোল প্লাজার সামনে ইসলামিয়া পরিবহনের একটি বাসে আগুন লাগে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর আসেনি।