মনোনয়নপ্রত্যাশীদের ভিড়, কার্যালয়ে ঢুকতে পারলেন না কাদের

আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ও তাদের কর্মীসমর্থকদের ভিড়ের কারণে কয়েকবার চেষ্টা করেও দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে পারেননি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ওবায়দুল কাদের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জিপিও হয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ওবায়দুল কাদের। এরপর ভিড়ের মধ্যে অন্তত তিনবার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। কোনোবারই ভেতরে যেতে পারেননি তিনি।

তারা জানান, ভিড়ের কারণে জিপিও-গুলিস্তান সড়ক দিয়ে কার্যালয়ের প্রবেশের সুযোগ নেই। তাই গাড়ি থেকে নেমে হেঁটে কার্যালয়ের প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন। এর ১০ মিনিট পর একইভাবে আবারও চেষ্টা করে ব্যর্থ হন তিনি। বেলা ১২টার দিকে শেষবার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। এবার ভিড় এতোই বেশি ছিল যে, গাড়ি থেকে না নেমেই ফিরে যান ওবায়দুল কাদের। এ বিষয়ে দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে জানিয়েছেন, দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ পরিদর্শনে গিয়েছিলেন ওবায়দুল কাদের। চেষ্টা করেও প্রবেশ করতে ব্যর্থ হয়ে সভানেত্রীর কার্যালয়ে চলে এসেছেন।

এর আগে, ১৬ নভেম্বর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনো ধরনের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপরে মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ তিনটি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।”