আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। দেশের ৪২ হাজার ভোটকেন্দ্রে দুই লাখ ৬২ হাজার বুথের মাধ্যমে ভোটগ্রহণ হবে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার সময় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে তফসিল ঘোষণা করা হয়। সিইসি বলেন, এরই মধ্যে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করেছে। ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। চূড়ান্ত হয়েছে নির্বাচনী এলাকা। নতুন রাজনৈতিক দল ও আগ্রহী দেশি-বিদেশি পর্যবেক্ষক দলের নিবন্ধনও শেষ প্রায়। ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি ৩০০ আসনে নির্বাচন হবে। এবার নির্বাচনে দেশে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। আর ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার। সিইসি জানান, এরই মধ্যে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত হয়েছে। ভাষণে তফসিল বিষয়ে সিইসি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১-৪ ডিসেম্বর, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬-১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। এরমধ্যে ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।