বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে রাজধানীতে বেশ কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অবরোধে বাসে অগ্নিসংযোগ ও নাশকতা ঠেকাতে যাত্রীদের ছবি তুলে রাখার কথা জানিয়েছিল ডিএমপি। যার অংশ হিসেবে বিভিন্ন সড়কের মোড়ে বাস থামিয়ে তল্লাশি, যাত্রীদের ভিডিও ধারণ করছে পুলিশ। এছাড়া মোবাইল ফোন চেক করার অভিযোগও করেছেন অনেকে। কারওয়ান বাজার এলাকায় বাসের যাত্রী নোমান বলেন, আমি শাহবাগ এলাকায় যাওয়ার উদ্দেশ্যে ফার্মগেট থেকে বাসে উঠেছি। কারওয়ান বাজার আসতেই দেখি প্রতিটি বাস পুলিশ থামাচ্ছে এবং ভিডিও করছে। এক পর্যায়ে আমাদের বাসে এসেও সবার ভিডিও করা হয় এবং কয়েকজনের মোবাইল নিয়ে চেক করা হয়। রকিবুল ইসলাম নামের এক যাত্রী বলেন, আগে দুর্বৃত্তরা আগুন দিতো পেট্রোল বোমা দিয়ে। এখন বাসে যাত্রী বেশে চোরাগোপ্তা আগুন দেয়। ছবি তুলে রাখলে বাসে আগুন দেওয়ার আগে তারা দুইবার ভাববে। মোহাম্মদ অমিত নামের এক যাত্রী বলেন, পুলিশের উদ্দেশ্য ঠিক থাকলে চেকিংয়ে কোনো আপত্তি নেই। তবে এক্ষেত্রে অনেকেই হয়রানির শিকার হয়ে থাকে। বিশেষ করে প্রত্যেকের মোবাইলে নিজস্ব কিছু গোপনীয়তা থাকতে পারে, সেই মোবাইল নিয়ে যদি তল্লাশি করা হয়, এটা মেনে নেওয়া যায় না। এবিষয়ে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মো. ফারুক হোসেন বলেন, অবরোধে অগ্নিসংযোগ ও নাশকতা ঠেকাতে যাত্রীদের ছবি নেওয়া হবে -এমনটা ডিএমপি থেকে আগেই নির্দেশনা ছিল। সেই অনুযায়ী পুলিশ কাজ করছে। তবে কোথাও মোবাইল ফোন চেক করে কোনো তল্লাশি করা হচ্ছে বলে বিষয়টি আমার জানা নেই। এমনটি হওয়ার কথা নয়।