নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে সেবা করতে চাই : দিলীপ বড়ুয়া

সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, মিরসরাই সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়ে মানুষর সেবা করতে চাই।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১১টায় সাম্যবাদি দলের মিরসরাই উপজেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

দিলীপ বড়ুয়া বলেন, মিরসরাইয়ে ৭ বারের এমপি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শারীরিকভাবে অসুস্থ। তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন শারীরিক অক্ষমতার কারণে আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যেহেতু নির্বাচন করবেন না সে ক্ষেত্রে মিরসরাইয়ে অন্য যারা নির্বাচন করার জন্য কাজ করছেন তাদের মধ্যে আমি সবার চাইতে বয়োজ্যেষ্ঠ এবং অভিজ্ঞ।

সাবেক এই মন্ত্রী আরও বলেন, আমি ১৪ দলীয় ঐক্যজোট সরকারের সাবেক শিল্পমন্ত্রী থাকাকালীন মিরসরাইয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে বিসিক শিল্পনগরী ও মিরসরাই ইকোনমিক জোন স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। আমার সময়ে এই গুরুত্বপূর্ণ ইকোনমিক হাব স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তীতে স্থানীয় পর্যায়ে অনেকেই এটার ক্রেডিট নিয়ে জনপ্রিয়তা অর্জন নিতে গিয়ে হাসির পাত্র হয়েছেন। তারা বিসিক শিল্পনগরী ও ইকোনমিক জোনে প্লট দখল করেছেন, একরে একরে জমি দখল করে রেখেছেন। অথচ আমার এক শতক জমি কোথাও নেই। আমি মিরসরাই ও দেশের জনগণের সেবায় কাজ করেছি এবং সামনেও করব। তাই আমি বলব জনহিতকর জনপ্রতিনিধিদের ক্ষমতায় আসার প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও অগ্রনী ব্যাংকের এজিএম বিজয় বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য ও চট্টগ্রাম জজ কোর্টের পিপি অ্যাডভোকেট দীর্ঘতম বড়ুয়া, ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, সাম্যবাদী দল মিরসরাই উপজেলা শাখার যুগ্মআহ্বায়ক রণজিত বড়ুয়া, শ্রমিক নেতা জনি মুৎসুদ্দি ও ছাত্রনেতা রনজিত বড়ুয়া প্রমুখ।