কিশোরগঞ্জের কুলিয়ারচরে অবরোধ চলাকালে পুলিশের গুলিতে বিএনপির দুই নেতাকর্মীর মৃত্যু এবং ২০ জন আহত হয়েছে বলে দাবি করেছে দলটি। তবে এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছয়সূতি এলাকায় এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম দাবি করেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির দুইজন নিহত হয়েছেন। তারা হলেন বড় ছয়সূতি ইউনিয়নের ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ (২০) ও একই ইউনিয়নের কৃষকদল সভাপতি বিল্লাল মিয়া (৩০)।
এ বিষয়ে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার রুখন উদ্দিন বলেন, কুলিয়ারচরে সংঘর্ষে শেফায়েত উল্লাহ নামে একজনের মরদেহ হাসপাতালে রয়েছে। তিনি বড় ছয়সূতি গ্রামের কাওসার মিয়ার ছেলে।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামরুল হাসান জানান, বিল্লাল হোসেনের (৩০) মরদেহ হাসপাতালে পুলিশ নিয়ে এসেছে। এ ছাড়া আরও একজন আহত ব্যক্তিকে আনা হয়েছে।
তবে এ বিষয়ে জানতে কুলিয়ারচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তুফাকে (ওসি) একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।