বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবার ভারতের অংশ হবে: রামদেব

ভারতের আলোচিত যোগগুরু রামদেব সোমবার বলেছেন, একদিন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের অংশ হয়ে যাবে। এজন্য ভারতীয়দের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। রামদেব বলেন, ভারতে কোনো ধর্মই হুমকির মুখে নেই, তবে দেশের সম্মান ও মর্যাদা ঝুঁকির মধ্যে রয়েছে। খবর ইন্ডিয়া টুডে’র।

রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রামদেব ধর্মান্তর, সনাতন ধর্ম, শাসনব্যবস্থা ও গণতন্ত্র নিয়েও মন্তব্য করেন। বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে দাবি করে এর সমালোচনাও করেন তিনি।

পাকিস্তানে হিন্দুদের অবস্থা নিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মন্তব্যের প্রতিক্রিয়ায় রামদেব অভিযোগ করেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা ‘নির্যাতন ও অবিচারের’ শিকার হয়েছে। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা যে নির্যাতন ও অবিচারের শিকার হয়েছে, তা মানবসভ্যতার ইতিহাসের সবচেয়ে বড় নিষ্ঠুরতাগুলোর মধ্যে অন্যতম। তিনি আরও বলেন, যারা এসব কাজের জন্য দায়ী, তাদের এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।

রামদেব বলেন, এমন দিনও আসবে, যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে একীভূত হবে। শুধু একটু ধৈর্য ধরুন।

ধর্মান্তর এবং তা ঠেকাতে ছত্তিশগড়ে প্রণীত আইন সম্পর্কে রামদেব বলেন, হিন্দু, খ্রিস্টান বা মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগগুলো ‘রাজনৈতিক বক্তব্যের’ অংশ। তিনি বলেন, দেশে ধর্মের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো ঘটেছে, অন্তত এটুকু নিশ্চিত করা উচিত যে ভবিষ্যতে কেউ যেন নির্যাতিত না হয়। হিন্দুধর্ম, ইসলাম বা খ্রিস্টধর্ম—কোনো ধর্মই হুমকির মুখে নেই। হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা।