ঈশ্বরদীতে মিছিল,অগ্নিসংযোগ-ভাঙচুর

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন সকালে পাবনার ঈশ্বরদীতে অবরোধকারীরা ঝটিকা মিছিল,অগ্নিসংযোগ ও কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেছে। শহরের রেলগেটে সকাল সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল আনুমানিক সোয়া ৬টার দিকে ২০ থেকে ৩০ জন যুবক হাতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রসহ রেলগেট এলাকায় এসে অবরোধের পক্ষে স্লোগান দেয়। এ সময় তারা রেলগেট ট্র্যাফিক আইল্যান্ডের সঙ্গে সাঁটানো স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস সহ বেশ কয়েকজন নেতার পক্ষে টাঙানো শুভেচ্ছা সম্বলিত কাঠের ব্যানার ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেয় ও রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয়। খবর পেয়ে টহলে থাকা পুলিশ ভ্যান ছুটে এলে অবরোধকারীরা রেলগেট হয়ে বাজারের দিকে চলে যায়।

একই সময় রেলগেটে পাকশী ও লালপুর সড়কে চলাচলকারী পাঁচটি সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে অবরোধকারীরা।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, সকালে কিছু বিচ্ছিন্ন ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পথচারীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয় । তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।