ভারতকে ৪ ট্রান্সশিপমেন্ট রুট ব্যবহারের অনুমতি দিলো বাংলাদেশ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ব্যবসায়ীদের জন্য ৪টি ট্রান্সশিপমেন্ট রুটের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।  শুক্রবার (৪ আগস্ট) ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমার  বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।

অনুমোদন দেয়া ৪টি রুট হলো চট্টগ্রাম বন্দর-আখাউড়া-আগরতলা, মোংলা বন্দর-আখাউড়া-আগরতলা, চট্টগ্রাম-বিবিরবাজার-শ্রীমন্তপুর এবং মোংলা বন্দর-বিবিরবাজার-শ্রীমন্তপুর।

এক সংবাদ সম্মেলনে ত্রিপুরার বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতীয় ব্যবসায়ীদের পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের বিষয়ে চুক্তিতে সই করেছে বাংলাদেশ ও ভারত।  ত্রিপুরাসহ অন্যান্য ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য চারটি রুটের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।

ত্রিপুরার শিল্প ও বাণিজ্য পরিচালক বিশ্বশ্রী বি বলেন, রুটগুলো দিয়ে পণ্য পরিবহনের দারুণ সম্ভাবনা রয়েছে।

সান্তনা চাকমা বলেছেন , বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের জন্য ৯টি ‘সীমান্ত হাট’ স্থাপনের পরিকল্পনা করছে ত্রিপুরা।  ইতোমধ্যে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি আমরা।  এটি বিবেচনাধীন রয়েছে।

বর্তমানে ত্রিপুরায় দুটি ‘সীমান্ত হাট’ রয়েছে- সিপাহিজলা জেলার কমলাসাগর এবং দক্ষিণ ত্রিপুরা জেলার শ্রীনগর।  উত্তর ত্রিপুরার ধর্মনগর এবং ধলাই জেলার কামালপুরে আরও দুটি ‘সীমান্ত হাট’ চালুর কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।